চাঁদাবাজির অভিযোগে ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় উপ-পরিদর্শক (এসআই) শুক্কুর, কনস্টেবল জাহিদকে বরখাস্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, চাঁদাবাজির অভিযোগে ফেনী মডেল থানা পুলিশের দুই সদস্য এসআই শুক্কুর, কনস্টেবল জাহিদকে বরখাস্ত করা হয়েছে।জানা যায়, সোমবার (২০ জানিুয়ারি) সকালে শহরের ট্রাংক রোডস্থ দোয়েল চত্বর এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন শহরের পশ্চিম ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আজিজুর রহমান। এসময় তিনি খেয়াল করেন, পুলিশের সঙ্গে থাকা সিএনজি চালিত অটোরিকশা চালক এক ট্রাকচালকের কাছ থেকে কিছু একটা আদায় করে নেন।
বিষয়টি সন্দেহ হলে তারা অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে অস্বীকার করলেও একপর্যায়ে তিনি জানান, পুলিশের কথামতো তিনি ট্রাকচালকের কাছ থেকে চা খাওয়ার কথা বলে দুইশ’ টাকা আদায় করে নিয়েছেন।
পরবর্তীতে তারা শহিদ মিনার এলাকায় ওই পুলিশ সদস্যদের আটকে রেখে চাঁদাবাজির বিষয়টি পুলিশকে জানায়। পরে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ঘটনাস্থলে আসেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়।